মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

চট্টগ্রাম বন্দরের ডিজিটাল পেমেন্ট যুগে প্রবেশ

চট্টগ্রাম বন্দরে পেমেন্ট পদ্ধতিতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো চালু হলো এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ভিত্তিক স্বয়ংক্রিয় ডিজিটাল পেমেন্ট সিস্টেম।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম বন্দরের ডিজিটাল পেমেন্ট যুগে প্রবেশ

এতে করে বন্দর ব্যবহারকারীরা এখন যেকোনো স্থান থেকে ইলেকট্রনিক মাধ্যমে সহজে ভ্যাট, এআইটি ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন—তাও স্বচ্ছ, নিরাপদ এবং দ্রুততার সঙ্গে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) এবং ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) পারস্পরিক সহযোগিতায় বন্দরে চালু হয়েছে এপিআই। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় নগরের তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

নৌপরিবহন উপদেষ্টা এই উদ্যোগকে স্মার্ট এবং দক্ষ আগামীর যাত্রায় একটি সাহসী এবং সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বলেন, এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরে ডিজিটাল গভর্নেন্স বাস্তবায়নে কর্তৃপক্ষের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। ফলে বন্দরের পেমেন্ট পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা যেকোন স্থান থেকে ভ্যাট, এআইটি, ওয়েলফেয়ার চার্জসহ অন্যান্য পেমেন্ট সহজেই সম্পন্ন করতে পারবেন। স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট কনফার্মেশন লাভ করবেন। অডিটের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত হবে। সর্বোপরি বন্দরের জট এবং পরিচালন ব্যয় হ্রাস পাবে। টার্ন-এরাউন্ড সময় কমে আসবে। দীর্ঘসূত্রিতার অবসান ঘটবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান বলেন, আমাদের বর্তমান পেমেন্ট পদ্ধতি যথেষ্ট দক্ষ হলেও তা মূলত ম্যানুয়াল পদ্ধতি নির্ভর। ইস্টার্ন ব্যাংকের সঙ্গে আমাদের পার্টনারশিপের মাধ্যমে আমরা একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, সুরক্ষিত এবং স্বচ্ছ পেমেন্ট কাঠামো উপহার দিতে পেরেছি।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ডিজিটাল পেমেন্ট পদ্ধতির সফল প্রবর্তন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইস্টার্ন ব্যাংকের কার্যকর সহযোগিতার প্রমাণ। উদ্ভাবন, স্বচ্ছতা এবং সেবার ক্ষেত্রে উৎকর্ষতা অর্জনে এটি একটি অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন। আমি অধিকতর দক্ষতা অর্জনের এই উদ্যোগকে স্বাগত জানাই। যা একটি স্মার্ট ও ভবিষ্যতের জন্য প্রস্তুত নগরী বিনির্মাণে আমাদের ভিশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

চট্টগ্রাম বন্দরে এই ডিজিটাল লেনদেন পদ্ধতির সূচনা মূলত একটি বৃহৎ কাঠামোগত সংস্কারের প্রথম ধাপ। এটি শুধু ব্যবসা নয়, প্রশাসনিক স্বচ্ছতা, ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বাস্তব অগ্রগতি। এই পদক্ষেপ একদিকে যেমন বন্দরের ব্যয় কমাবে, অন্যদিকে আন্তর্জাতিক র‌্যাংকিংয়েও উন্নতি ঘটাবে।

সম্পর্কিত বিষয়

  • ডিজিটাল পেমেন্ট
  • সিপিএ
  • ইবিএল
  • এআইটি
  • নৌপরিবহন
  • ডিজিটাল

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন