দীর্ঘদিন ধরে পড়ে থাকা প্রায় ৬ হাজার কনটেইনার নিলামের মাধ্যমে সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেইসাথে অফার অনুযায়ী ৬০ শতাংশ দামে কোনো কোনো সরকারি সংস্থার কাছে গাড়িগুলো নিলামের মাধ্যমে শিগগিরই পোর্ট ইয়ার্ড খালি করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। শুক্রবার (২৫ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউসে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান জানিয়েছেন, ১০০ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বন্দরের মাল ইনভেন্টরি কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ৯০ শতাংশ ইনভেন্টরি কাজ শেষ হয়েছে এবং আগস্টের ৬ তারিখে প্রথম ধাপে বড় পরিসরে নিলাম অনুষ্ঠিত হবে। তিনি এ উদ্যোগকে “বাংলাদেশের ইতিহাসে বিরল” আখ্যা দেন এবং জানান, স্বচ্ছতার ভিত্তিতে সর্বোচ্চ দরদাতার কাছেই নিলামকৃত মালামাল বিক্রি করা হবে। ১৪ বছর ধরে বন্দরে পড়ে থাকা বিপজ্জনক কার্গো ও গাড়ি দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমদানি করা গাড়িগুলো পোর্ট ইয়ার্ডে পড়ে থেকে নষ্ট হয়েছে, যা দেশের ডলার অপচয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, নিলামে স্বচ্ছতা আনায়নে অনলাইনে পে অর্ডার জমা, ব্যাংক হিসাব, মানি রিসিট ও স্বয়ংক্রিয় রিফান্ড সিস্টেম চালু করা হয়েছে। সর্বোচ্চ দরদাতার কাছেই মাল বিক্রির নীতিমালায় কাজ চলবে। এমপি ও সরকারি গাড়ি বিক্রির বিষয়ে আশানুরূপ দর না পাওয়ায় সরকারি সংস্থার কাছে বিক্রির চিন্তা করা হয়েছে । গাড়িগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা চলবে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনার জায়গা দখল করে কেবল জায়গার অপচয়ই নয়, ব্যবসায়িক কার্যক্রমও ব্যাহত করে। আগের মতো ফেলে না রেখে মালামাল যথাসময়ে বিক্রি করে ব্যবহারযোগ্য করা ও স্বচ্ছ নিলাম ব্যবস্থা চালু করার ঘোষণা প্রশাসনিক সংস্কারের প্রতিফলন।
তিনি আরো বলেন, এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকারক। যেসব গাড়ি পোর্টে ইয়ার্ডে থেকে থেকে নষ্ট হয়ে গেছে সেগুলো ডলার দিয়ে আমদানি করতে হয়েছে। রাইট টাইমে অকশন করে রাস্তায় ছেড়ে দিতাম তাহলে পরে আবার এ পরিমাণ গাড়ি আমদানি করতে হতো না। এ কথাগুলো বোঝানোর চেষ্টা করেছি। যত দ্রুত সম্ভব যখনকার কাজ তখন যাতে শেষ করতে পারি। ব্যাংক হিসাবের একটা তথ্য দিতে হবে। মানি রিসিট চলে আসবে। আপনি টেন্ডার জিতলে ভালো, নয়তো আপনার টাকা কাস্টম হাউস থেকে ফেরত চলে যাবে। এটাও আমরা শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে করতে চাই। এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রথম নিলামেই আমরা দিয়ে দেব। সর্বোচ্চ দামে দিয়ে দেব।
