মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

ড্রাইডকের দায়িত্বে এনসটিতে কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আধুনিক ও গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) কন্টেনার হ্যান্ডলিংয়ের পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ড্রাইডকের দায়িত্বে এনসটিতে কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) দায়িত্ব নেওয়ার পর প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস (২০ ফুট সমমান কন্টেনার) বেশি হ্যান্ডলিং হচ্ছে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই অগ্রগতি সরকারের পাশাপাশি বন্দর ব্যবহারকারী ও আমদানি–রপ্তানিকারকদের মাঝেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

চট্টগ্রাম বন্দর দেশের আমদানি–রপ্তানির লাইফলাইন। এখানে কন্টেনার হ্যান্ডলিং সামান্য বেড়ে যাওয়াও দেশের সামগ্রিক লজিস্টিক্স পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে। এই প্রাথমিক সাফল্য থেকে বোঝা যায়, স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনা থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও আন্তর্জাতিক মানে সেবা দিতে পারে।

জানা যায়, সাইফ পাওয়ারটেকের সাথে চট্টগ্রাম বন্দরের চুক্তির মেয়াদ শেষে দায়িত্ব নেয় সিডিডিএল। বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড দীর্ঘদিন ধরে এনসিটি পরিচালনা করে আসছিল। নানা অভিযোগ ও সমালোচনার মুখে পড়ে তাদের সঙ্গে নতুন করে চুক্তি না করার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ। চুক্তির মেয়াদ শেষ হয় ৬ জুলাই। পরদিন ৭ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সিডিডিএল এনসিটির দায়িত্ব নেয়। চট্টগ্রাম ড্রাইডক ইতোমধ্যে সামরিক ব্যবস্থাপনায় সফলভাবে কয়েকটি স্থাপনা পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে।

চট্টগ্রামের ব্যবসায়ী সংগঠন সিসিসিআই পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, “এই সাত দিনের অর্জন প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, আন্তরিকতা ও দেশপ্রেম থাকলে সরকারি ব্যবস্থাপনাও বেসরকারি খাতকে ছাড়িয়ে যেতে পারে। আমরা আশাবাদী, এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

একই যন্ত্রপাতি, কিন্তু কর্মদক্ষতায় বড় পার্থক্য সিডিডিএল এনসিটিতে কাজ করছে বন্দরেরই কেনা প্রায় ২ হাজার কোটি টাকার গ্যান্ট্রি ক্রেন, স্ট্র্যাডাল ক্যারিয়ারসহ উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে—যা আগেও সাইফ পাওয়ারটেক ব্যবহার করত। কিন্তু একই যন্ত্রপাতি ব্যবহারের পরও সিডিডিএলের কার্যকারিতা দৃশ্যমানভাবে বেড়েছে।

ফলে পরিসংখ্যান বলছে— ১ থেকে ৬ জুলাই (সাইফ পাওয়ারটেক) প্রতিদিন গড়ে ২ হাজার ৯৫৬ টিইইউএস। ৭ থেকে ১২ জুলাই (সিডিডিএল) প্রতিদিন গড়ে ৩ হাজার ১৮১ টিইইউএস এবং বৃদ্ধি প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস। প্রথম সাত দিনে ১০টি জাহাজ সফলভাবে হ্যান্ডলিং করা হয়েছে, এবং বর্তমানে এনসিটির ৪টি জেটিতে একযোগে কন্টেনার লোডিং–আনলোডিং চলছে।

সম্পর্কিত বিষয়

  • এনসটি
  • সিডিডিএল
  • চট্টগ্রাম বন্দর
  • সাইফ পাওয়ারটেক
  • নৌপরিবহন
  • সিসিসিআই

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন