মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

চট্টগ্রাম বন্দরের এনসিটি: চুক্তির আগে অন্তর্বর্তীকালীন দায়িত্বে নৌবাহিনী !

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর কাছে অস্থায়ীভাবে হস্তান্তরের বিষয়টি নিয়ে সরকার পর্যায়ে সক্রিয় আলোচনা চলছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম বন্দরের এনসিটি: চুক্তির আগে অন্তর্বর্তীকালীন দায়িত্বে নৌবাহিনী !

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর কাছে অস্থায়ীভাবে হস্তান্তরের বিষয়টি নিয়ে সরকার পর্যায়ে সক্রিয় আলোচনা চলছে। চূড়ান্তভাবে বিদেশি প্রতিষ্ঠানের হাতে টার্মিনালটির দায়িত্ব যাওয়ার আগে এই অন্তর্বর্তীকালীন সময়ে নৌবাহিনী বন্দর কর্তৃপক্ষের সহায়তায় পরিচালনার দায়িত্ব নিতে পারে বলে একটি সরকারি সূত্রে জানা গেছে।

শনিবার (২৮ জুন) চট্টগ্রাম বন্দরে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী।

সরকার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এনসিটি পরিচালনার বিষয়টি দুই-তিন দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে। তবে এ বিষয়ে জানতে চাইলে বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, “চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হলে বন্দর থেকে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ এই কনটেইনার টার্মিনালটি গত ১৭ বছর ধরে পরিচালনা করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৬ জুলাই। এরপর এই টার্মিনালের দায়িত্ব বিদেশি অপারেটর সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে আলোচনার চূড়ান্ত ধাপ চলছে। আশা করা যাচ্ছে, চলতি বছরের নভেম্বরে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। এই প্রক্রিয়ায় সহায়তা করছে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)।

এই প্রেক্ষাপটে, অন্তর্বর্তী সময়ে টার্মিনালের কার্যক্রম সচল রাখতেই নৌবাহিনীর বিকল্প ভাবা হচ্ছে। বন্দরের বিদেশি হাতে হস্তান্তরের প্রতিবাদে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ প্ল্যাটফর্মের ব্যানারে বামপন্থী রাজনৈতিক দলগুলো রোডমার্চ ও সমাবেশ করছে। শনিবার ৪ নম্বর গেটের সামনে অনুষ্ঠিত হয় তাদের এক প্রতিবাদ সমাবেশ।

সম্পর্কিত বিষয়

  • এনসিটি
  • চট্টগ্রাম বন্দর
  • নৌবাহিনী
  • নৌপরিবহন উপদেষ্টা
  • সাইফ পাওয়ারটেক
  • ডিপি ওয়ার্ল্ড
  • আইএফসি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন