তবে কোনো সিনেমা বা সিরিজের প্রচারণায় নয়, এই স্লোগান ব্যবহার করা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনী ব্যানারে। ব্যানারে তাকে সিরিজের চরিত্র জন স্নোর অবয়বে উপস্থাপন করা হয়েছে, যেখানে তলোয়ারের আদলে শোভা পাচ্ছে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা।
সোমবার (২ ফেব্রুয়ারী) জামায়াত আমিরের চট্টগ্রাম ও কক্সবাজার সফরকে কেন্দ্র করে নগরীর হালিশহর, বড়পোল ও চকবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এসব ব্যানার টানানো হয়। বিষয়টি নজরে আসার পর অনলাইন ও অফলাইনে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। তবে দলীয়ভাবে এর দায় অস্বীকার করেছে জামায়াত।
সরেজমিনে দেখা যায়, ব্যানারগুলোর পটভূমিতে রয়েছে তুষারপাত ও নেকড়ের ছবি—যা গেম অব থ্রোনস সিরিজের আবহ তৈরি করেছে। জন স্নোর শরীরের জায়গায় বসানো হয়েছে ডা. শফিকুর রহমানের ছবি। হাতে থাকা তলোয়ারটি সম্পাদনার মাধ্যমে দাঁড়িপাল্লার রূপ দেওয়া হয়েছে। ব্যানারের উপরে বড় অক্ষরে লেখা ‘উইন্টার ইজ কামিং’, যার অর্থ আসন্ন কঠিন সময় বা বড় পরিবর্তনের সতর্কবার্তা। নিচে সৌজন্যে লেখা রয়েছে—‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’।
গেম অব থ্রোনস সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ স্টার্ক পরিবারের মূলমন্ত্র হিসেবে ব্যবহৃত হয়, যা আসন্ন বিপদ বা বড় রাজনৈতিক-সামাজিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। রাজনীতির মাঠে এই স্লোগানের ব্যবহারকে কেউ কেউ প্রতীকী বার্তা হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে অতিউৎসাহী সমর্থকদের কাণ্ড বলেও মনে করছেন। তবে জামায়াত আমিরের সফরের দিনে এমন ব্যানার নিয়ে বিব্রত অবস্থায় পড়েছেন দলের স্থানীয় নেতারা। এ বিষয়ে চট্টগ্রাম নগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ বলেন, “এমন কোনো ব্যানারের বিষয়ে আমরা অবগত নই। সাংগঠনিক সিদ্ধান্তে এ ধরনের কিছু টাঙানো হয়নি। আমাদের দলীয় ব্যানারগুলো সংগঠনের নামেই লাগানো হয়েছে।”
চকবাজার থানা জামায়াতের আমির আহমেদ খালেদুল আনোয়ার বলেন, “কিছু সমর্থক হয়তো ব্যক্তিগত আগ্রহ বা উচ্ছ্বাস থেকে এমন ব্যানার বানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ফ্যান পেজে ছবিগুলো ভাইরাল হয়েছিল। সেখান থেকেই কেউ ব্যানার আকারে ছাপিয়ে লাগিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।”
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনও একই কথা বলেন। তিনি জানান, বিষয়টি নজরে এসেছে, তবে এটি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’ নামে সার্চ করে দেখা যায়, রোববার (১ ফেব্রুয়ারি) খোলা একটি পেজ ও গ্রুপ থেকে এসব ছবি ছড়ানো হয়। সেখানে চকবাজার মোড়ের গুলজার টাওয়ারের সামনে স্থাপিত ব্যানারের ছবিও পোস্ট করা হয়েছে। নেটিজেনদের একাংশ বিষয়টিকে কৌতুক হিসেবে দেখলেও, অনেকে ধর্মীয় রাজনীতির সঙ্গে পশ্চিমা পপ কালচারের এমন মিশ্রণ নিয়ে সমালোচনা করেছেন।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে পাঁচটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের। কক্সবাজারের মহেশখালী ও সদরের কর্মসূচি শেষে বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া, সীতাকুণ্ড এবং নগরীর বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে জনসভা করার কথা রয়েছে। এই সফরকে কেন্দ্র করেই নগরজুড়ে লাগানো ব্যানার-ফেস্টুনের মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘উইন্টার ইজ কামিং’ লেখা এই ব্যতিক্রমী ব্যানার।
