অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়িতে মো. আলমগীর হোসেন (৪৮) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আলমগীর হোসেন জাফতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহসিন বাড়ির মৃত চুন্নু মিয়ার ছেলে। ওই ব্যক্তি শুক্রবার রাতে ফেসবুক লাইভে এসে রক্তমাখা ছুরি দেখিয়ে এই হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। শনিবার (২৮ জুন) সকালে উপজেলার জাফতনগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত শুক্রবার (২৭ জুন) গভীর রাতে আওয়ামী লীগ কর্মী মো. আলমগীর হোসেন তার ব্যবহৃত মুঠোফোন থেকে ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি একটি রক্তমাখা ছুরি প্রদর্শন করে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেন এবং অশালীন ভাষায় গালাগাল করেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয় এবং নেটিজেনরা তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে পুলিশ শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, রক্তমাখা ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে। পরে তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
