মূল সংবাদে যান
রাজনীতি

জামায়াত ৫ আগস্টের পর শতাধিক মাজার পুড়িয়েছে: বিএনপি নেতা

তবে জামায়াত নেতারা তার এই বক্তব্যকে ‘বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
জামায়াত ৫ আগস্টের পর শতাধিক মাজার পুড়িয়েছে: বিএনপি নেতা

চট্টগ্রামের বাঁশখালীর এক বিএনপি নেতা অভিেযাগ করে বলেছেন, জামায়াতে ইসলামী ২০২৪ সালের অগাস্টে সরকার পরিবর্তনের পর সারা দেশে শতাধিক মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরীর এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ১৩ জুন শুক্রবার ছনুয়া ইউনিয়নে বিএনপির একটি ওয়ার্ড শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রেজাউল হক এই অভিযোগ করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিএনপি নেতা রেজাউল হক চৌধুরীকে বলতে শোনা যায়, “৫ আগস্টের পর আপনারা দেখেছেন, প্রায় ১০০টি মাজার ভাঙচুর ও পুড়িয়ে দিয়েছে জামায়াত। বার আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে যেমন আমানত শাহ এর মাজার আছে, এরকম ১০০টি মাজার ভাঙচুর ও পুড়িয়ে দিয়েছে তারা। বাঁশখালীতেও বিভিন্ন আলেম ওলামার মাজার আছে। এরকম ১০০টি মাজার জ্বালিয়ে দিয়েছে জামায়াতের নেতাকর্মীরা।”

ধর্মকে ব্যবহার করে জামায়াত রাজনীতি করছে অভিযোগ করে তিনি বলেন, “তারা এখন মসজিদে গিয়ে রাজনীতি করতেছে। মসজিদে গিয়ে বলতেছে জামায়াত ইসলামকে ভোট দিলে নাকি বেহেশতে চলে যাবে। জামায়াতে ইসলামকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে না। নিজের আমল নিয়ে মানুষ বেহেশতে যাবে। এই কথাগুলো আপনারা ঘরে গিয়ে মা-বাবাকে তুলে ধরবেন।” অনুষ্ঠানে ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, রেজাউল হকের এই বক্তব্যকে ‘হিংসাত্মক’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে স্থানীয় জামায়াতে ইসলামী। এ বিষয়ে জামায়াতের বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক আরিফ উল্লাহ বলেন, “বিএনপি ১৯৯১ ও ২০০১ সালে জামায়াতের সমর্থন নিয়েই ক্ষমতায় গিয়েছিল। ৫ আগস্টের পর তাদের নেতাকর্মীরাই নানা বিতর্কে জড়িয়েছে, জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। তাই এখন তারা এসব আজেবাজে কথা বলে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে।”

সম্পর্কিত বিষয়

  • বিএনপি
  • জামায়াতে ইসলামী
  • মাজার
  • ভিডিও
  • ৫ আগস্ট
  • আমানত শাহ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন