মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টা থেকে নগরীর ষোলশহর এলাকার শিক্ষা বোর্ড ভবনের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন তারা। এরপর শিক্ষাবোর্ডে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট দেখা দেয়।
বোর্ডের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাঁদের মানসিক অবস্থার তোয়াক্কা না করে তারা এইচএসসি পরীক্ষা পেছাতে গড়িমসি করেছে। রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি পেয়েছেন তারা।
তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরকে পদত্যাগ করতে হবে। কারণ এমন মর্মান্তিক ঘটনার পরও শিক্ষাসচিব পরীক্ষা নেওয়ার চিন্তা করেছেন। তিনি শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা ভাবেননি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, ‘শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে কোনো দাবিদাওয়া আমার কাছে দেয়নি। আমি প্রতিনিধি পাঠিয়েছিলাম, তারা কোনো কথা বলতে চায়নি।’
