এ সময় দুটি ফিশিং বোট থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা।
শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। এ সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে ডিএপি সার বোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা।
অভিযান টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে গেলেও পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা, অর্থাৎ ২২ হাজার ৫০০ কেজি ডিএপি সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সার, কার্গো বোট এবং আটক ২৩ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্র ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
