দুর্ঘটনার পরদিনই ভারত দুইজন অভিজ্ঞ বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক, কয়েকজন নার্স এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ঢাকায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র বিবিসি বাংলাকে জানায়, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে আজ (মঙ্গলবার) ভারতের বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছাবে। জরুরি ভিত্তিতে কিছু চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ পাঠানো হয়েছে এবং প্রয়োজনে আরও চিকিৎসকও পাঠানো হবে।
এর আগে সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (টুইটার)-এ শোক প্রকাশ করে লেখেন, "এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং যেকোনো সহায়তা দিতে প্রস্তুত।"
দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশি সমকক্ষকে ফোন করে সমবেদনা জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। এরপর থেকেই দুই দেশের পররাষ্ট্র দপ্তর ও ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন নিবিড় যোগাযোগ রেখে চলেছে।
ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছিল, দুর্ঘটনায় দগ্ধদের অবস্থা গুরুতর এবং বার্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসা প্রয়োজন। সে প্রেক্ষিতে দিল্লি তাৎক্ষণিকভাবে বার্ন ইউনিটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসক ও নার্সদের একটি দল প্রস্তুত করে।
কূটনৈতিক সূত্র বলছে, পরবর্তী ধাপে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর প্রস্তুতি চলছে, পরিস্থিতি বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খেলার মাঠে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাসহ অনেকে। বেশ কয়েকজনের শরীরের বিস্তীর্ণ অংশ পুড়ে গেছে।