পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে ইলিশ ধরা হলেও বিশাল চাহিদা মেটানো সম্ভব হয় না। তাই দুর্গাপূজার আগে প্রতিবছরই বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির বিশেষ অনুমতি চাওয়া হয়। এবারও সেই আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির নীতিগত অনুমোদন দিয়েছে।
পশ্চিমবঙ্গের এক আমদানিকারক সৈয়দ আনোয়ার মোকসেদ বলেন, “বাংলাদেশ থেকে ইলিশ আসার সিদ্ধান্ত দুই বাংলার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে।”
২০১৪ সালে স্থানীয় চাহিদার কারণে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় বাংলাদেশ। তবে ২০১৯ সাল থেকে দুর্গাপূজার আগে বিশেষ অনুমতিতে পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো শুরু হয়। গত বছর দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার মেট্রিক টনের অনুমোদন দেওয়া হলেও শেষ পর্যন্ত রপ্তানি হয়েছিল ২ হাজার ৪২০ টন।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, রপ্তানির জন্য আগ্রহী ব্যবসায়ীদের ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদন করতে হবে। এ জন্য হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, ভ্যাট ও আয়কর সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।
